ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জে কয়েকজন প্রার্থী নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন ধরনের আবেদন করেছেন। কেউ ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন, কেউ অস্ত্রের লাইসেন্স কিংবা জমা দেওয়া অস্ত্র নিজের জিম্মায় নেওয়ার অনুমতি চেয়েছেন।
সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ ৪ আসনে দশ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা শঙ্কা জানিয়ে গানম্যান চেয়ে আবেদন করেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না হলেও আপাতত তাকে একজন পুলিশ কনস্টেবলের মাধ্যমে শ্যাডো প্রটেকশন দেওয়া হয়েছে। এর আগে ১৪ জানুয়ারি ফতুল্লার কাশিপুর এলাকায় গণসংযোগ চলাকালে তার ওপর হামলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এদিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সাবেক বিএনপি নেতা মো. শাহ্ আলম নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার অনুমতি চেয়েছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ ৩ আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি থানায় জমা থাকা নিজের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র ফেরত চেয়ে আবেদন করেন। এই দুই আবেদনে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে অনুমোদন মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে নারায়ণগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন নতুন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে জেলা পুলিশের প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে পাঠানো হয়েছে।

