নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক ও ভোটাররা। মাঠপর্যায়ের জরিপ, গণসংযোগের উপস্থিতি এবং জনসম্পৃক্ততার দিক থেকে তিনি প্রতিপক্ষদের তুলনায় এগিয়ে আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাসে শাহ আলম ফতুল্লার প্রায় সবকটি ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন। শুধু জানুয়ারি মাসেই তিনি প্রায় ৭০টির বেশি কর্মসূচিতে অংশ নেন, যেখানে গড়ে প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার মানুষের সরাসরি সংযোগ হয়েছে।
একাধিক ওয়ার্ডভিত্তিক অনানুষ্ঠানিক জরিপে দেখা গেছে, বর্তমানে সম্ভাব্য ভোটের হিসাবে শাহ আলম প্রায় ৩৮–৪২ শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছেন। অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী মনির কাসেমী পাচ্ছেন আনুমানিক ৩০–৩৩ শতাংশ এবং ১১ জোটের এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন পাচ্ছেন প্রায় ১৮–২২ শতাংশ ভোটারের সমর্থন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহ আলমের ক্লিন ইমেজ, নিয়মতান্ত্রিক রাজনীতি এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতিই তার জনপ্রিয়তার মূল কারণ। বিশেষ করে তরুণ ভোটার ও শ্রমজীবী মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেশি।
ফতুল্লার কুতুবপুর, বক্তাবলী ও এনায়েতনগর এলাকায় পরিচালিত স্থানীয় জরিপে দেখা গেছে, এসব এলাকায় শাহ আলম গড়ে ১০ থেকে ১২ শতাংশ ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছেন।
বিএনপি জোটের প্রার্থী মনির কাসেমীর রয়েছে শক্ত সাংগঠনিক কাঠামো ও অভিজ্ঞতা। তবে অভ্যন্তরীণ কোন্দল, সাম্প্রতিক বহিষ্কারের ঘটনা ও আওয়ামী চেয়ারম্যান ও আওয়ামী দোসরদের তার পক্ষে প্রচারনা তার প্রচারণায় কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে ১১ জোটের এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন নিয়মিত প্রচারণা চালালেও সীমিত সংগঠন ও তুলনামূলক কম জনসম্পৃক্ততার কারণে এখনো বড় ধরনের গতি তৈরি করতে পারেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি বর্তমান প্রবণতা অব্যাহত থাকে এবং ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তাহলে শাহ আলমের জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে।
এ বিষয়ে শাহ আলম বলেন,
“আমি কোনো হিসাবের রাজনীতি করি না। আমার শক্তি হলো ফতুল্লার মানুষ। তাদের ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”
স্থানীয় ভোটারদের মতে, উন্নয়ন, স্বচ্ছতা ও সুশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে যিনি বেশি আন্তরিক, তার দিকেই তারা ঝুঁকছেন—আর সেই জায়গায় শাহ আলম এগিয়ে রয়েছেন।

