ফ্যাসিস্টদের পুনর্বাসন করলে আগামী প্রজন্ম বিএনপি-জামায়াত-এনসিপিকে ক্ষমা করবে না: টিপু
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়েছেন বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে ও পরে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে সেই আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধার হয়।
টিপু আরও বলেন, “দুঃখজনকভাবে আজ আমরা সেই গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলে যাচ্ছি। যারা একসঙ্গে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছিলাম, আজ ভোটের মাঠে এসে আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। এতে করে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করা হচ্ছে।”
তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে যদি ফ্যাসিস্টরা রাজনৈতিক সুযোগ নিয়ে পুনরায় মাথাচাড়া দেয়, তাহলে তার দায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিকেই নিতে হবে। জাতি ও আগামী প্রজন্ম কাউকেই ক্ষমা করবে না।
এডভোকেট টিপু বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যই ছিল সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য ধরে রেখেই আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষা করতে হবে।”
তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

