নরায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।
গত সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকরা নারায়ণগঞ্জ–৪ আসনে চলমান নির্বাচন প্রক্রিয়ার সার্বিক পরিস্থিতি জানার উদ্দেশ্যে শাহ আলমের কেন্দ্রীয় নির্বাচনী প্রচারণা কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে শাহ আলম ও তার প্রতিনিধিরা নির্বাচন ঘিরে বিদ্যমান বাস্তবতা, মাঠপর্যায়ের পরিবেশ, ভোটারদের প্রত্যাশা এবং সুষ্ঠু ভোট আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
শাহ আলম বলেন,
“একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা গণতন্ত্রের মৌলিক শর্ত। জনগণের ভোটাধিকার রক্ষায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম, ভয়ভীতি বা প্রভাব বিস্তারের চেষ্টা যেন না হয়—সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচনী পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে শাহ আলম প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে শাহ আলমের এই বৈঠক তার স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতিফলন, যা ভোটারদের আস্থাকে আরও শক্তিশালী করবে।

