আসন্ন নির্বাচনকে সামনে রেখে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও জনবহুল এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘হ্যাঁ’ ভোটের পোস্টারে ছেয়ে গেছে দেয়াল। সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এসব পোস্টার চোখে পড়ছে।
পোস্টারগুলোতে ভোটারদের উদ্দেশ্যে ‘গণভোটে হ্যাঁ বলুন’ শ্লোগানের মাধ্যমে সমর্থন আদায়ের আহ্বান জানানো হয়েছে। এতে দেশের গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় এসব পোস্টার লাগানো হচ্ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকা ও ব্যস্ত মোড়ে এসব পোস্টারের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।
এ বিষয়ে ছাত্রশিবিরের স্থানীয় নেতারা জানান, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে সাধারণ মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিতেই এই প্রচারণা চালানো হচ্ছে।
তবে নগরবাসীর একটি অংশ বলছে, অনুমতি ছাড়া দেয়াল ও স্থাপনায় পোস্টার লাগানো নগরের সৌন্দর্য নষ্ট করছে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

