নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০টি কক্ষ ভস্মীভূত
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় ‘মাদ্রাসায়ে নুরে মদীনা’ নামক একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ৯টার দিকে এ ঘটনায় মাদ্রাসার ১০টি কক্ষসহ আসবাব ও বইপত্র পুড়ে গেছে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, রাত ৯টার দিকে মাদ্রাসার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ দাবি করেন, আগুনে লাইব্রেরি, কিতাব, আসবাবপত্র ও ফ্যানসহ ১০টি কক্ষ পুড়ে যাওয়ায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

