ফতুল্লায় সনাতনধর্মাবলম্বীদের সাথে আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়
নারায়ণগঞ্জ-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন আজ ফতুল্লার পাগলা এলাকায় সনাতনধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন।
আজ রোববার (৮ ফেব্রুয়ারী) বিকেলে পাগলার বিভিন্ন পূজামণ্ডপ ও সনাতন সম্প্রদায়ের আবাসিক এলাকায় তিনি উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
মতবিনিময়কালে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন,
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমি নির্বাচিত হলে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব।”
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি উন্নত, মানবিক ও দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলাই তার লক্ষ্য।
এ সময় স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, একজন দায়িত্বশীল ও জনবান্ধব নেতার এমন উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানে এনসিপি ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

