নারায়ণগঞ্জের ৫ আসনেই জামানত হারিয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থীরা
নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি আসনেই দলটির প্রার্থীরা মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ায় জামানতের টাকা ফেরত পাচ্ছেন না।
জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোনো প্রার্থীকে জামানতের অর্থ ফেরত পেতে হলে সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ অর্জন করতে হয়। ইসলামী আন্দোলনের কোনো প্রার্থীই এ শর্ত পূরণ করতে পারেননি।
নারায়ণগঞ্জ-১
এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইমদাদুল্লাহ পেয়েছেন ৭ হাজার ১৮৬ ভোট। মোট ভোট পড়েছে ২ লাখ ৬১ হাজার ৪৮১টি। প্রয়োজনীয় হার অর্জন করতে না পারায় তিনি জামানত হারান।
নারায়ণগঞ্জ-২
ইসলামী আন্দোলনের প্রার্থী মো. হাবিবুল্লাহ পেয়েছেন ৫ হাজার ২৬৫ ভোট। আসনটিতে মোট ভোট পড়ে ২ লাখ ৩৩ হাজার ৯০৬টি। সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ায় তারও জামানত বাজেয়াপ্ত হয়।
নারায়ণগঞ্জ-৩
সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ অঞ্চল নিয়ে গঠিত এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহ পেয়েছেন ১৪ হাজার ২২৩ ভোট। মোট ভোট পড়ে ৩ লাখ ৪০ হাজার ৬১৬টি। প্রয়োজনীয় ভোটের হার না পাওয়ায় তিনিও জামানত হারান।
নারায়ণগঞ্জ-৪
এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইছমাঈল হোসেন কাউছার পেয়েছেন ১৬ হাজার ৭৪৬ ভোট। মোট ভোট পড়ে ২ লাখ ৬৯ হাজার ৮৮টি। সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ায় তার জামানতও বাজেয়াপ্ত হয়।
নারায়ণগঞ্জ-৫
সদর-বন্দর এলাকা নিয়ে গঠিত আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মো. মাছুম বিল্লাহ পেয়েছেন ৭ হাজার ৭০৮ ভোট। মোট ভোট পড়ে ২ লাখ ৭৪ হাজার ২৫০টি। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তিনিও জামানত হারান।
জেলার পাঁচটি আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো আসনেই উল্লেখযোগ্য ভোটের ব্যবধান গড়তে পারেননি। ফলে দলটির সব প্রার্থীই জামানত হারানোর তালিকায় নাম লেখালেন।

