নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ১৪ ফেব্রুয়ারি ভোরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় অল্প সময়েই কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে কার্যালয়ের ভেতরে থাকা দলীয় শীর্ষ নেতাদের ছবি, আসবাবপত্র, চেয়ার টেবিল ও টেলিভিশনসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় মেনে নিতে না পেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। একই সাথে নিরপরাধ কাউকে হয়রানি না করার আহ্বানও জানান।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

