জাকির খানকে না.গঞ্জ সিটি মেয়র হিসেবে দেখতে চায় সমর্থকরা
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারামুক্তির এক বছর পর আবারও আলোচনায়। তাকে আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দেখতে চান তার সমর্থকরা।
গত বছর কারাগার থেকে মুক্তি পাওয়ার সময় শহরজুড়ে বর্ণাঢ্য শোডাউন করেন জাকির খান। জেলগেটে ফুলেল সংবর্ধনা, মোটরসাইকেল শোভাযাত্রা ও গাড়িবহর নিয়ে শহর প্রদক্ষিণের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নিজের উপস্থিতির জানান দেন তিনি। সেই সময়ের জনসমাগম ও নেতাকর্মীদের উচ্ছ্বাস এখনও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে আছে।
জানা যায়, হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় ধাপে ধাপে জামিন পান এবং একটি মামলায় সাজার মেয়াদ শেষে মুক্তি লাভ করেন। তার আইনজীবীর দাবি, ৩৩টি মামলার মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন এবং একটি মামলায় জামিনে রয়েছেন।
সমর্থকদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও কঠিন সময় পার করার অভিজ্ঞতা তাকে আরও পরিপক্ব করেছে। তারা মনে করেন, “নারায়ণগঞ্জ সিটির উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় শক্ত নেতৃত্ব প্রয়োজন। সেই জায়গায় জাকির খানই হতে পারেন যোগ্য প্রার্থী।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুক্তির এক বছর পরও তার জনপ্রিয়তা ও সাংগঠনিক প্রভাব অটুট রয়েছে। আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে তাকে ঘিরে আলোচনা আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

