সকালে আ.লীগের কার্যালয়ে ব্যানার-স্লোগান, বিকেলে বিএনপির হাতে আটক
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় সায়মন নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে দুপুরে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলের ঘোষণা দেন। এ সময় তারা কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে স্লোগান দেন।
ঘটনার পর বিকেলে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং টানানো ব্যানার খুলে ফেলেন। পরে সন্ধ্যার দিকে সায়মন নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাদের দাবি, ব্যানার টানানোর সময় সায়মন সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

