সংসদের সংরক্ষিত মহিলা আসনে রোজিনা আক্তারকে এমপি হিসেবে দেখতে চান নেতাকর্মীরা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে “করোনা হিরো” হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা আক্তার-কে এমপি হিসেবে দেখতে চান দলের নেতাকর্মী ও সমর্থকরা। তার মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে সামনে রেখে এ দাবি ক্রমেই জোরালো হচ্ছে বলে জানা গেছে।
নেতাকর্মীরা বলেন, করোনাকালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নারীদের গোসল-দাফনের মতো দায়িত্ব পালন করে রোজিনা আক্তার মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই সময় তার সাহসী ভূমিকার কারণে তিনি দেশজুড়ে “করোনা হিরো” হিসেবে পরিচিতি লাভ করেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি হিসেবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। আন্দোলন-সংগ্রাম, মানবিক সহায়তা ও নারী সংগঠনে তার ভূমিকা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছে।
স্থানীয় বিএনপি নেতারা মনে করেন, সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলে রোজিনা আক্তার নারায়ণগঞ্জের নারীদের প্রতিনিধিত্ব শক্তভাবে তুলে ধরতে পারবেন। একই সঙ্গে তার সামাজিক গ্রহণযোগ্যতা দলীয় ভাবমূর্তি উজ্জ্বল করবে।
এ বিষয়ে নেতাকর্মীরা বলেন, “দল যদি মানবিক, ত্যাগী ও জনসম্পৃক্ত নারী নেতৃত্বকে মূল্যায়ন করে, তাহলে রোজিনা আপা সংরক্ষিত মহিলা আসনের যোগ্য প্রার্থী।”
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, তৃণমূলভিত্তিক জনপ্রিয়তা ও মানবিক কাজের স্বীকৃতি বিবেচনায় রোজিনা আক্তারের মতো নেত্রীরা সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন।
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রসঙ্গে রোজিনা আক্তার বলেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। তবে দল দায়িত্ব দিলে তিনি নারীদের অধিকার ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান বলে জানান।

