বন্দরের শিক্ষানুরাগী নূর মোহাম্মদ ব্যাংকারকে স্মরণে আবেগঘন আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল
নারায়ণগঞ্জ বন্দরের রাজবাড়ী এলাকার আদর্শিক ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নূর মোহাম্মদ ব্যাংকারের প্রয়াণে শুক্রবার ২০ ফেব্রুয়ারি এক আবেগঘন আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের তিন সন্তান সেলিম, সোহেল ও সোহাগের বন্ধু মহলের যৌথ আয়োজনে রাজবাড়ী ও হাফেজীবাগ এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই মাহফিল সম্পন্ন হয়। বাবার প্রতি সন্তানদের গভীর শ্রদ্ধা এবং বন্ধুদের আন্তরিক ভালোবাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রিয় মানুষটিকে স্মরণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্মরণসভায় বক্তারা বলেন, নূর মোহাম্মদ সাহেব কেবল উত্তরা ব্যাংক লিমিটেড-এর একজন সফল কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন বন্দরের শিক্ষা ও সামাজিক কাঠামোর এক নির্ভরযোগ্য অভিভাবক।
তার সুদীর্ঘ সামাজিক ও সাংগঠনিক অবদানের মধ্যে রয়েছে
বি এম স্কুল এন্ড কলেজের টানা তিনবার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য পদ
গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন
বন্দর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডির সদস্য হিসেবে দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে ভূমিকা
সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি হিসেবে সম্পৃক্ততা
শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য হিসেবে এলাকায় সামাজিক শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় সক্রিয় ভূমিকা
বাদ আসর আয়োজিত স্মরণসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা অশ্রুসিক্ত নয়নে তার জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন।
দোয়া শেষে কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ৭০ বছর বয়সে ইন্তেকাল করা এই গুণী ব্যক্তিত্ব মৃত্যুকালে স্ত্রী, ৭ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে বন্দর এলাকায় নেমে আসা শোকের ছায়া আজকের এই স্মরণসভা ও ইফতার মাহফিলে নতুন করে অনুভূত হয়।
বক্তারা বলেন, নূর মোহাম্মদ ব্যাংকারের মতো পরোপকারী ও নিবেদিতপ্রাণ মানুষের অভাব সমাজ দীর্ঘদিন অনুভব করবে।

