ফতুল্লায় শহিদ তিতুমীর একাডেমিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুরস্থ শহিদ তিতুমীর একাডেমি। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে প্রতিষ্ঠানটি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শ্রদ্ধা র্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের স্বাধিকার আন্দোলনের বীজ বপন করেছিল। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষার মর্যাদা ও সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে এ ধরণের আয়োজন অত্যন্ত জরুরি।”
দিবসটি উদযাপন উপলক্ষে একাডেমি চত্বরে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার মধ্যে ছিল: চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কোমলমতি শিশুরা রঙের তুলিতে ফুটিয়ে তোলে ৫২-র স্মৃতি।শিক্ষার্থীরা ভাষা দিবসের প্রেক্ষাপট নিয়ে সৃজনশীল পোস্টার প্রদর্শন করে। দেশাত্মবোধক গান ও আবৃত্তির মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শহিদ তিতুমীর একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসহাক খানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং সর্বস্তরে বাংলা প্রচলনের ওপর গুরুত্বারোপ করেন।

