পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে ‘নতুন যুদ্ধ’ ঘোষণা এমপি আব্দুল্লাহ আল-আমিনের
একটি নতুন ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্য নিয়ে “নতুন যুদ্ধে” নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল-আমিন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে পজিটিভ কাজে সম্পৃক্ত করতে না পারলে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার লালপুর এলাকায় কানন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত একদিনব্যাপী সুন্নতে খাতনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ ফতুল্লা থানা দক্ষিণের উদ্যোগে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল-আমিন বলেন, “আমরা যদি পজিটিভ কাজে ইয়াং জেনারেশনকে কাজে লাগাতে না পারি, তবে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে না। তরুণ ও সিনিয়র নাগরিকরা একসঙ্গে কাজ করলে সমাজকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে অনেক স্থানীয় সমস্যা এমনিতেই সমাধান হয়ে যায়।”
তিনি আরও বলেন, “যারা আমাকে না দেখে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের কাছে আমি দোয়া চাই। আমি যেন কখনও অন্যায়ের সঙ্গে আপস না করি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন, ইনশাআল্লাহ।”
আজিজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও ডা. ফজলুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রেদোয়ানুল আজিম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ শিকদার, হামিদ সরকার, মহিউদ্দিন আহমেদ, নুরুদ্দিন বকশি এবং ফতুল্লা ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মাঈনুদ্দিন আহমেদ। মাওলানা হাকিমুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং ইসলামী সংগীত পরিবেশন করেন হাবিবুর রহমান।
উল্লেখ্য, কোয়ান্টাম ফাউন্ডেশনের দেশব্যাপী সুন্নতে খাতনা কর্মসূচির অংশ হিসেবে এদিন মোট ৫০ জন শিশুর খতনা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে কানন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল কর্তৃপক্ষ।

