নারায়ণগঞ্জে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১
নারায়ণগঞ্জ ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরাফাত নামের এক কর্মী আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গুলশান রোড এলাকায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন।
আহত আরাফাতের অভিযোগ, এনসিপি নেতা আলিফ দেওয়ানের ইন্ধনে সিয়াম, বিপ্লব, নোমান, রাসেল ও সাব্বির তার ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, এটি পরিকল্পিত হামলা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আলিফ দেওয়ান।
তার ভাষ্য, নির্বাচনের পর আরাফাত পঞ্চবটি মোড়ে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছিল এবং সে এনসিপির কেউ নয়। তিনি আরো দাবি করেন, শনিবার বিকেলে আরাফাত ও তার লোকজন তাদের কর্মী বিপ্লবকে মারধরের উদ্দেশ্যে রোলিং মিলে নিয়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে বিপ্লবকে উদ্ধার করে।
আরাফাত জানান, নির্বাচনের আগে তিনি শাপলা প্রতীকের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের কাছে ৫০ হাজার টাকা অনুদান দেন।
তার দাবি, তিনি নিজ হাতে টাকা দেওয়ায় আলিফ দেওয়ান ক্ষুব্ধ ছিলেন। আলিফ চেয়েছিলেন অনুদানের টাকা তার মাধ্যমে দেওয়া হোক। সেই ক্ষোভ থেকেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া হামলাকারীরা তার রোলিং মিলে ঢুকে তার বাবাকেও অপমান করেছে বলে দাবি করেন আরাফাত।
এ ঘটনায় স্থানীয় এনসিপি নেতা তরিকুল ইসলামের কাছে অভিযোগ জানানো হয়েছে।
তিনি বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। তবে উপযুক্ত বিচার না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন আহত কর্মী আরাফাত।
ফতুল্লা থানা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন কালের কণ্ঠকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে রূপ নেয়। এ বিষয়ে একপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: কালের কন্ঠ

