এনায়েতনগরে চেয়ারম্যান হিসেবে মাহমুদুল হক আলমগীরকে দেখতে চায় তৃণমূল বিএনপি
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার এনায়েতনগর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপি নেতা মাহমুদুল হক আলমগীরের নাম তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনায় উঠে এসেছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ইউনিয়নের চেয়ারম্যান পদে দেখতে আগ্রহপ্রকাশ করেছেন।
তৃণমূলের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে থেকে মাহমুদুল হক আলমগীর দলকে সুসংগঠিত করেছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে তিনি চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী বলে মনে করছেন তারা।
স্থানীয় নেতারা আরও জানান, মাহমুদুল হক আলমগীর এর আগেও ধানের শীষ প্রতীকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। সে সময় তিনি উল্লেখযোগ্য ভোট পান এবং বিএনপির শক্ত অবস্থান তুলে ধরতে সক্ষম হন। ফলে এবারও তাকে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ বাড়ছে তৃণমূলের মধ্যে।
এ বিষয়ে মাহমুদুল হক আলমগীরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দলীয় সিদ্ধান্ত ও পরিস্থিতি বিবেচনা করে তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানা গেছে।

