স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে, যা বলছে ইসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তন নিয়ে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, স্থানীয় সরকারের নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে সংসদ তা নির্ধারণের পরই সিটি করপোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে ইসি।
বর্তমানে অধ্যাদেশ জারি করে দলীয় প্রতীক বাদ দেয়া হলেও, সংসদ এটি অনুমোদন করলে বা কোনো পরিবর্তন আনলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট করার বিধান অনুযায়ী ভোট করা হবে।
এসময় বগুড়া-৬ এবং শেরপুর-৩ এর উপনির্বাচন ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

