আমার নামে চাঁদাবাজি করলে সরাসরি ধরিয়ে দিন, পঞ্চবটী ঘটনার পর সোশাল মিডিয়ায় আব্দুল্লাহ আল আমিনের কড়া বার্তা
২২ ফেব্রুয়ারি ২০২৬, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪ আসনে নিজের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন আব্দুল্লাহ আল আমিন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে জানান, তার পরিচয় ভাঙিয়ে কেউ কোনো অনৈতিক বা অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, নারায়ণগঞ্জে বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে চাঁদাবাজিসহ রাজনৈতিক দূর্বিত্তায়ন বন্ধ করতে হবে। তিনি কোনো অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নন এবং কেউ অপরাধে জড়িত হলে তার দায় তিনি নেবেন না। অপরাধে প্রশ্রয় দেয়ার প্রশ্নই আসে না।
আব্দুল্লাহ আল আমিন জানান, নির্বাচনের আগে ও পরে কারও কাছ থেকে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ সুবিধা গ্রহণ করা হয়নি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও থানাকে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি প্রশ্রয় দেবেন না। অপরাধ ও অপরাধীর ব্যাপারে তার অবস্থান জিরো টলারেন্স।
পঞ্চবটী এলাকার ইয়াসিন আরাফাত প্রসঙ্গে তিনি লেখেন, নির্বাচনী প্রচারণার সময় ওই ব্যক্তি তার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। পরে জানা যায়, তিনি কয়েকজন ব্যবসায়ীর কাছে তার নাম ব্যবহার করে ফান্ড চেয়েছেন। বিষয়টি জানার পর নির্বাচনের আগেই তাকে সরিয়ে দেয়া হয় এবং ভবিষ্যতে এমন কাজ করলে পুলিশে সোপর্দ করা হবে বলে সতর্ক করা হয়। ফতুল্লা থানাকেও বিষয়টি জানানো হয়েছে।
এছাড়া আলিগঞ্জের তরিকুল ইসলাম পিয়াসের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আসলে প্রশাসনকে তা যাচাইয়ের অনুরোধ করা হয়। অভিযোগের কিছু প্রমাণ পাওয়ায় তাকে এনসিপির সব কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে আব্দুল্লাহ আল আমিন বলেন, ইয়াসিন আরাফাত বা পিয়াসসহ অন্য কেউ তার বা এনসিপির নাম ব্যবহার করে অবৈধ ফায়দা নিতে চাইলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে তিনি আহ্বান জানান, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে।
কেউ তার পরিচয়ে অন্যায় করলে তা প্রশাসনকে জানানোর পাশাপাশি 01898868568 নম্বরে হোয়াটসঅ্যাপে বিস্তারিত তথ্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। সবার কাছে দোয়া কামনাও করেন আব্দুল্লাহ আল আমিন।

