পঞ্চবটি সংঘর্ষে এনসিপির সংশ্লিষ্টতা নেই—ছাত্রশক্তি না.গঞ্জ জেলা
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি এলাকায় গত দুই দিন ধরে চলমান দুই গ্রুপের সংঘর্ষকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নাম জড়ানো নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবিন।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, পঞ্চবটি এলাকায় যে সংঘর্ষের ঘটনা ঘটছে তা আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাত নামের দুই ব্যক্তির ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটি পক্ষ এনসিপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আলিফ দেওয়ান বা ইয়াসিন আরাফাত—কেউই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা বা মহানগর কমিটির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন। সুতরাং এ ঘটনায় এনসিপির কোনো সংশ্লিষ্টতা নেই।
রবিন সতর্ক করে বলেন, “ব্যক্তিগত দ্বন্দ্বকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকুন। প্রয়োজনে আপনারা নিজেরা বসে সমাধান করুন অথবা আইনের আশ্রয় নিন। কিন্তু কেউ যদি ব্যক্তিস্বার্থে এনসিপি বা আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের নাম ব্যবহার করেন, এর পরিণতি ভালো হবে না।”
তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এবং গুজব না ছড়াতে অনুরোধ করেন।

