চাঁদাবাজি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জিরো টলারেন্স: এমপি আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জে বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার নাম বা পরিচয় ব্যবহার করে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হলে তিনি দায় নেবেন না এবং কোনো ধরনের প্রশ্রয়ও দেয়া হবে না।
এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, নির্বাচনের আগে ও পরে তিনি কারো কাছ থেকে কোনো অনৈতিক বা অবৈধ সুবিধা নেননি। একইসাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন—তার নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে দ্রুত ব্যবস্থা নিতে। অপরাধ ও অপরাধীদের বিষয়ে তার অবস্থান ‘জিরো টলারেন্স’—এমনটিই পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, পঞ্চবটী এলাকার ইয়াসিন আরাফাত নামে এক ব্যক্তি নির্বাচনী প্রচারণার সময় তার সঙ্গে কাজ করার আগ্রহ দেখালেও পরে অভিযোগ ওঠে যে, সে তার পরিচয় ব্যবহার করে কয়েকজন ব্যবসায়ীর কাছে অর্থ দাবি করেছে। বিষয়টি জানার পরই তাকে নির্বাচনের আগেই নিষেধ করা হয় এবং ভবিষ্যতে তার নাম ব্যবহার করলে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে সতর্ক করা হয়। এ বিষয়ে ফতুল্লা থানাকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
একইভাবে আলিগঞ্জ এলাকার তরিকুল ইসলাম পিয়াসের বিরুদ্ধেও অতীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আসে বলে উল্লেখ করেন এমপি। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দলীয় সব কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে বলে জানান তিনি।
এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “ইয়াসিন আরাফাত, পিয়াসসহ অন্য যে কেউ যদি আমার বা এনসিপির নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নিতে চায়, তাহলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। নারায়ণগঞ্জবাসী আমাদের উপর আস্থা রেখেছে একটি পজিটিভ নারায়ণগঞ্জ গড়ার জন্য। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের প্রতিহত করে সেই আস্থার প্রতিদান দিতে চাই।”
নারায়ণগঞ্জের ব্যবসায়ী, শ্রমজীবী, চাকুরিজীবীসহ সব নাগরিকের প্রতি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার পরিচয়ে কেউ অন্যায় করলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পাশাপাশি নাগরিক অসুবিধা, সন্ত্রাস, মাদক বা চাঁদাবাজির তথ্য তার হোয়াটসঅ্যাপ নম্বরেও পাঠানোর অনুরোধ করেন।
হোয়াটসঅ্যাপ: 01898868568
—আব্দুল্লাহ আল আমিন, এমপি (নারায়ণগঞ্জ-৪)

