ফতুল্লায় ব্যবসায়ীর ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত আবেদন
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর, ছুরিকাঘাতের চেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্ব সরকার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলেন। তিনি এনায়েতনগর ইউনিয়নের একটি রাজনৈতিক সংগঠনের দায়িত্বে থাকায় প্রতিপক্ষ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন পঞ্চবটি শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে অভিযুক্তরা তার গতিরোধ করে। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং লোহার রড ও ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। আত্মরক্ষার চেষ্টা করলে তার বাম হাতে আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
ভুক্তভোগীর দাবি, হামলার এক পর্যায়ে তার পকেটে থাকা নগদ ১৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হয়ে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেন এবং পরবর্তীতে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার পর তিনি থানায় এসে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


