মুনির হোসাইন কাসেমীর বক্তব্যে শালীনতা রক্ষার আহ্বান ছাত্র শক্তি নেতা আবিদের
সম্প্রতি মুনির হোসাইন কাসেমী কর্তৃক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল-আমিনকে নিয়ে দেওয়া বিভিন্ন বক্তব্যকে “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্র শক্তি, নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে জনসমক্ষে বক্তব্য প্রদানের ক্ষেত্রে শালীনতা, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্মান বজায় রাখা প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বের নৈতিক দায়িত্ব। সাম্প্রতিক সময়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক বার্তা বহন করে না।
আবিদ রহমান আরও বলেন, আমরা আশা করি মুনির হোসাইন কাসেমী ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে সংযত থাকবেন এবং গঠনমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবেন। অন্যথায় জনগণই যুক্তি ও তথ্যের ভিত্তিতে এর যথাযথ জবাব দেবে।
তিনি জানান, সুস্থ রাজনৈতিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করে এবং জনআস্থাকে সুদৃঢ় করে। তাই সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।

