নারায়ণগঞ্জ শহরে বিএনপির নাম ব্যবহার করে একটি বেসরকারি হাসপাতাল দখলের চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মেডিস্টার হসপিটাল অ্যান্ড রেনেসা ল্যাবের একাংশের মালিক ডা. লায়লা পারভীন বানু। তবে হাসপাতালটির অন্য অংশের পরিচালক তার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে ডা. লায়লা পারভীন বানু বলেন, তিনি প্রতিষ্ঠাতা ও মালিক হিসেবে গত ২৫ বছর ধরে সেবামূলক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু গত চার মাস ধরে তাকে কোনো লভ্যাংশ দেওয়া হচ্ছে না। বরং বিভিন্নভাবে তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, তাকে ভয় দেখাতে প্রভাবশালী একটি রাজনৈতিক পরিবারের নাম ব্যবহার করা হচ্ছে। এমনকি ডা. জোবাইদা রহমানের সঙ্গে আত্মীয়তার দাবি তুলে তাকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে, যাতে তিনি তাদের কথিত দাবিগুলো মেনে নেন।
ডা. লায়লা পারভীন বানু জানান, তিনি থানায় গিয়েছেন এবং অনলাইনে জিডি করেছেন। পাশাপাশি প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো সুরক্ষা পাননি বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করার আহ্বান জানান।
অন্যদিকে হাসপাতালটির ডিরেক্টর মো. গোলাম মোস্তফা টিপু বলেন, ডা. লায়লা পারভীন বানুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার দাবি, ডা. লায়লা ও তার ছেলেরা জোরপূর্বক হাসপাতালে ভাঙচুর চালিয়ে দখল নেওয়ার চেষ্টা করছেন।
ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি।

