নারায়ণগঞ্জে সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের রেগুলার মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় মিটিং শুরু হয়। মিটিং শেষে সদস্যদের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, রোটারির মূল শক্তি হলো একতা ও সেবার মানসিকতা। রমজানের এই পবিত্র সময়ে আত্মশুদ্ধির পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি যাকাত ফান্ডকে কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং রমজানকেন্দ্রিক সার্ভিস প্রোজেক্ট বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরে পিপি রোটারিয়ান মাহমুবুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশ, জাতি এবং রোটারি পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় রোটারিয়ান শাহিন রোটারির গুরুত্ব, আদর্শ ও ক্লাব পরিচালনার বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, একটি সক্রিয় ও সুসংগঠিত ক্লাবই কার্যকর সেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ভিত্তি। সদস্যদের অংশগ্রহণ ও পারস্পরিক সমন্বয়ই ক্লাবকে এগিয়ে নেয়।
মিটিংয়ে যাকাত ফান্ড ও রমজানে বিভিন্ন সার্ভিস প্রোজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা নিজ নিজ মতামত প্রদান করেন এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আয়োজনটি ছিল আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধে পরিপূর্ণ।

