নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দুই কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে, অন্যজনকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার ২৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।
পাসপোর্ট অফিস সূত্র জানায়, মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি একটি বেসরকারি টেলিভিশনের পরিচয় ব্যবহার করে তিনজনের কাছ থেকে মোট ৩৯ হাজার টাকা নেন। তিনি আত্মীয় পরিচয় দেখিয়ে পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে অবহিত করে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।
এদিকে মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন নামে আরেক ব্যক্তি একটি পত্রিকার সম্পাদক পরিচয়ে পাসপোর্ট অফিসে এসে অর্থ দাবি করেন বলে অভিযোগ ওঠে। তার কর্মকাণ্ড গোপন ক্যামেরায় ধারণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তার কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়া পরিচয়ে প্রতারণা কিংবা চাঁদাবাজির চেষ্টা করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

