ফতুল্লা বিএনপির অভিভাবক জমিয়তের মনির কাসেমী!
নারায়ণগঞ্জের ফতুল্লা অঞ্চলের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মনির কাসেমী। স্থানীয় রাজনৈতিক মহলের একটি অংশ তাকে ফতুল্লা বিএনপির অভিভাবক হিসেবেও আখ্যা দিয়ে থাকে।
সম্প্রতি নির্বাচনে এনসিপির প্রার্থীর কাছে ধরাশায়ী হওয়ার পর কিছুদিন নীরব থাকলেও আবারও পুরোনো রূপে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়েছেন তিনি। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করে নতুন করে আলোচনায় এসেছেন কাসেমী।
ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বিরোধী শিবিরকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন, যা নিয়ে ফতুল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে বিএনপির অনেক নেতাই কাসেমীর এমন আচরণে বিব্রত বলে জানা গেছে। দলটির একাধিক নেতাকর্মীর মতে, কাসেমী যেন জোর করে নিজেকে অতি বিএনপি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে দলের ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে বলে দাবি করেছেন কেউ কেউ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা বিএনপির একটি গ্রুপ কাসেমীর এসব তৎপরতায় সায় দিচ্ছে। ফলে তার বিভিন্ন আয়োজন ও বক্তব্য নিয়ে এলাকায় নতুন রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনে পরাজয়ের পর আবারও মাঠে সক্রিয় হয়ে ওঠা এবং বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা প্রদর্শনের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন কাসেমী। তবে এসব তৎপরতা স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

