এমপি আবুল কালামের সাথে জেলা এনডিএফ সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ-০৫ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডাঃ আলী আশরাফ খানের নেতৃত্বে এই শুভেচ্ছা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর শহরের কালির বাজার এলাকায় সংসদ সদস্যের নিজস্ব বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এনডিএফ-এর পক্ষ থেকে সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে এনডিএফ সভাপতি ডাঃ আলী আশরাফ খান বলেন,”আমরা চিকিৎসক সমাজ হিসেবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে চাই। নারায়ণগঞ্জের জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমরা আপনার সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রত্যাশা করছি।”
জবাবে সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম এনডিএফ-এর চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন,”মানবসেবায় চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। আপনাদের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আমি ব্যক্তিগত ও প্রশাসনিকভাবে সর্বদা আপনাদের পাশে থাকবো।”
উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এনডিএফ-এর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডাঃ সাদি মাসুদ আল তুরাব,বায়োফার্মা লিমিটেড এর RSM মোঃ শাহ্ আলম, মোহাম্মদ রওনক হাসান এবং ডাঃ আবু নাঈম মোহাম্মদ ইব্রাহিম সহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সংসদ সদস্যের সহযোগিতায় নারায়ণগঞ্জের স্বাস্থ্য খাতের উন্নয়নে এনডিএফ আরও জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।

