নারায়ণগঞ্জ, ২ মার্চ ২০২৬:
নরসিংদী, হাতিয়া ও পাবনাসহ দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে।
সোমবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী ও ছাত্র ফেডারেশন কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশার নেতৃত্বে শিক্ষার্থীরা অংশ নেন।
সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান ও নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নাজমা বেগম। এছাড়া সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রয়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, তোলারাম কলেজ শাখার সদস্য সিয়াম সরকার, সংগঠক মো. সোহাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে ধর্ষণকে অন্যতম প্রধান সামাজিক সংকট হিসেবে চিহ্নিত করে তা সমূলে নির্মূলের লক্ষ্যে অবিলম্বে কঠোর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। নরসিংদীতে ১৫ বছরের কিশোরী, রাজধানীর হাতিরঝিলে ৬ বছরের শিশু এবং পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণের পর হত্যার মতো ঘটনা প্রমাণ করে অপরাধীদের বেপরোয়া দৌরাত্ম্য ও বিচারহীনতার ভয়াবহতা।
বক্তারা আরও বলেন, রাষ্ট্র ও প্রশাসন নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে অপরাধীরা আরও সাহসী হয়ে ওঠে। তাই সাম্প্রতিক সব ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন ও সক্রিয় করার দাবি জানান তারা।
নেতৃবৃন্দ বর্তমান সরকার ও বিরোধী দল উভয়কেই সতর্ক করে বলেন, ধর্ষণ ও সহিংসতার মতো সংবেদনশীল ইস্যুতে কেউ যেন রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা না করে। এমন অপচেষ্টা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচি থেকে ঘোষিত বক্তব্যে বলা হয়, দেশে নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। বিচারহীনতার সংস্কৃতি, আইনি দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের সামাজিক ও রাজনৈতিক আশ্রয় এই সংকটকে আরও তীব্র করছে। একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে শক্তিশালী ও স্বাধীন যৌন নিপীড়ন নির্মূল কমিশন গঠন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানানো হয়।
এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর ১৮ দফা দাবি পেশের ঘোষণা দেওয়া হয়। আগামী ৩ মার্চ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘটবে বলে জানানো হয়েছে।

