এমপি আল আমিনকে অবরুদ্ধ রাখা ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ: ফারহানা মানিক মুনা
স্টাফ রিপোর্টার | ৩ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় ঘটে যাওয়া ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ফারহানা মানিক মুনা।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানকে ‘তাণ্ডব’ আখ্যা দেওয়া বিকেএমইএ সভাপতি মো. হাতেমের সমর্থকরা নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে বিসিক এলাকায় অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁর অনুসারী এনসিপি নেতাকর্মীদের মারধরের ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন।
মুনা লেখেন, জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয় এমপি নিরাপদে আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে দীর্ঘ সময় পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। একজন নির্বাচিত সংসদ সদস্যকে দুই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রাখার ঘটনা প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, জুলাইয়ের সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা এসব ঘটনার সঙ্গে জড়িত নয়, তাদের নিরাপত্তাও রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। রাজনৈতিক সমঝোতার নামে হত্যাকারীদের সঙ্গে আপসের রাজনীতি কখনও ভালো ফল বয়ে আনে না বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

