বিসিক শিল্প এলাকায় এমপি আব্দুল্লাহ আল আমিন অবরুদ্ধের ঘটনায় প্রতিবাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প এলাকায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন সংগঠক আদনান তাহসান। তিনি জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক ১নং যুগ্ম সদস্য সচিব।
আদনান তাহসান তার বক্তব্যে বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে তাণ্ডব হিসেবে আখ্যা দিয়েছিলেন বিকেএমইএ সভাপতি মো. হাতেম। সম্প্রতি জামায়াতে ইসলামীর আয়োজিত এক ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, বিকেএমইএ সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলে মন্তব্য করেন। এর পরপরই হাতেমের সমর্থকরা বিসিক শিল্প এলাকায় এমপিকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ ওঠে।
তিনি দাবি করেন, এ ঘটনা প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। তার ভাষ্য অনুযায়ী, প্রশাসনের উপস্থিতিতেই এনসিপির কর্মীদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাও ঘটেছে।
আদনান তাহসান বলেন, ফতুল্লার সাধারণ মানুষ এখনো ফ্যাসিস্ট, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে জিম্মি। একজন নির্বাচিত সংসদ সদস্য জনসম্মুখে অন্যায়কে অন্যায় বলার কারণে যদি অবরুদ্ধ হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এ প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি আরও বলেন, দোসর বলতে শুধু একটি দলকে বোঝানো হয় না, বরং যারা ফ্যাসিবাদী ও স্বৈরাচারী অবস্থানের পক্ষে দাঁড়ায় তাদেরই বোঝানো হয়। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এখনো সঠিক বিচার প্রক্রিয়া দৃশ্যমান নয়। একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। জুলাইসহ সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি হাতেমের অবিলম্বে পদত্যাগও দাবি করেন।
সবশেষে তিনি বলেন, সত্য উচ্চারণের সাহসই প্রকৃত নেতৃত্বের পরিচয়।

