নারায়ণগঞ্জে ময়লার বিল নিয়ে অসন্তোষ, কমানোর দাবি নাগরিকদের
নারায়ণগঞ্জ নগরীতে ময়লা অপসারণের বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে অসন্তোষ। বিশেষ করে নিম্ন আয়ের ভাড়াটিয়া ও স্বল্প আয়ের বাড়িওয়ালাদের জন্য মাস শেষে ময়লার বিল একটি গুরুতর বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, আগে এই কাজের সঙ্গে মূলত সুইপার ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ জড়িত থাকলেও বর্তমানে অনেক এলাকায় ঘরে ঘরে ময়লা সংগ্রহ কার্যক্রমে প্রভাবশালী রাজনৈতিক নেতা, কাউন্সিলর ও সাবেক কাউন্সিলরদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। এর ফলে সময়ের সাথে দফায় দফায় ময়লার বিল বৃদ্ধি পেয়েছে।
নাগরিকদের অভিযোগ, যেখানে ঢাকা শহরে ময়লার বিল সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে, সেখানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন মহল্লায় ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ময়লার বিল আদায় করা হচ্ছে। যা অনেকের কাছেই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মনে করছেন তারা।
এ বিষয়ে নগরবাসীর একাংশ বলছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অতিরিক্ত ময়লার বিল সাধারণ মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তাই দ্রুত বিষয়টি পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে বিল নির্ধারণ করার দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে সাখাওয়াত হোসেন, নবনিযুক্ত প্রশাসকের কাছে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের আশা, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হলে ময়লার বিল নিয়ে চলমান অসন্তোষের সমাধান হবে।

