আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে নারীর মর্যাদা ও সমানাধিকার প্রতিষ্ঠার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
রবিবার (৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারীর ওপর সকল ধরনের বৈষম্য, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় আইনের যথাযথ প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি জয় হাসান এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা। এ সময় বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সদস্য আইরিন নাহারসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে জেলা সভাপতি জয় হাসান বলেন, ফ্রান্সের প্যারি কমিউন, ফরাসি বিপ্লব, যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলনসহ ভারত উপমহাদেশে ব্রিটিশবিরোধী সংগ্রাম, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। কিন্তু সেই সংগ্রামের পরও নারী সমাজ কাঙ্ক্ষিত অধিকার এখনো পুরোপুরি অর্জন করতে পারেনি। বাংলাদেশসহ বিশ্বজুড়ে নারীরা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা বলেন, পৃথিবীতে নারী ও পুরুষের সংখ্যানুপাত প্রায় সমান হলেও বিশ্বের মোট সম্পদের মাত্র এক শতাংশের মালিক নারী। বাংলাদেশের সংবিধান ও আইনে নারীর সমঅধিকার নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে তা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।
বক্তারা সারাদেশে চলমান নারী ও শিশু ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করা, জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলোতে নারী নিপীড়নবিরোধী সেল গঠন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরে গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

