নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে পাগলা সড়কের দীর্ঘদিনের সমস্যার সমাধানে স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করা হচ্ছে। কিন্তু এক দপ্তর থেকে আরেক দপ্তরে পাঠানোয় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের জানানো মতে, সড়কটির সমস্যা নিয়ে প্রথমে ডিপিডিসি অফিসে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এলজিইডি অফিসের অধীনে বলে জানায়। পরে এলজিইডি অফিসে গেলে তারা আবার ডিপিডিসির সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। ফলে দুই দপ্তরের এমন সমন্বয়হীনতার কারণে সমস্যার সমাধান না হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
এ পরিস্থিতিতে আজ উপজেলা এলজিইডি অফিসে গিয়ে বিষয়টি আবারও স্পষ্টভাবে তুলে ধরা হয়। এলজিইডি কর্তৃপক্ষ জানান, ডিপিডিসি অফিসের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
এ সময় স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়, মানুষের কষ্টের কথা বিবেচনা করে অন্তত আপাতত যেন দ্রুত চলাচলের উপযোগী ব্যবস্থা করা হয়। পাশাপাশি পুরো সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করারও দাবি জানানো হয়।
স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এবং জালকুড়ি থেকে পাগলা সড়কে মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

