ফতুল্লায় মাদক ও ছিনতাই বেড়েছে, যৌথ অভিযানের তাগিদ দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
শনিবার ৮ মার্চ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভায় তিনি এ কথা বলেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি আব্দুল্লাহ আল আমিন ফতুল্লা থানার বিভিন্ন সুনির্দিষ্ট এলাকায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি বলেন, এসব অপরাধের কারণে সাধারণ মানুষের জনজীবন দিন দিন অতিষ্ঠ হয়ে উঠছে।
তিনি আরও বলেন, গার্মেন্টসের শ্রমিক ভাই ও বোনেরা অনেক সময় নিরাপদে কর্মস্থল থেকে বাসায় ফিরতে পারছেন না। মাদক ও ছিনতাইকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনাও ঘটেছে, যা উদ্বেগজনক।
এ অবস্থায় এলাকার মানুষের স্বস্তি ফেরাতে র্যাব, পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দ্রুত একটি যৌথ অভিযান পরিচালনার তাগিদ দেন তিনি।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন বলে জানা গেছে।

