নারায়ণগঞ্জ শহরে ভোরে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে শহরের নিতাইগঞ্জে এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান মোটরসাইকেলে করে দায়িত্ব পালনকালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলার চেষ্টা চালায় এবং মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত করে।
তবে কৌশলে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পান এসআই লুৎফর রহমান। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হলে বিভিন্ন ইউনিটের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দুঃসাহসিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

