আড়াইহাজারে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ের অভিযোগ
আড়াইহাজারে ওসমান নামে এক ব্যাবসায়ী কোনো প্রমাণ ছাড়াই নিজেকে ‘মুক্তিযোদ্ধার সন্তান’ হিসেবে দাবি করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তার এই পরিচয় সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর সপক্ষে কোনো সরকারি গেজেট বা সনদ নেই। এমনকি তারা সরকারি কোনো মুক্তিযোদ্ধা ভাতাও পান না।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমান নিজেকে বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দেন। তবে স্থানীয় সূত্র ও প্রাপ্ত তথ্যানুযায়ী, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তার বাবার নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত নেই। কোনো প্রকার দালিলিক প্রমাণ ছাড়া এই ধরণের স্পর্শকাতর রাষ্ট্রীয় পরিচয় ব্যবহার করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আড়াইহাজারের প্রকৃত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, মুক্তিযোদ্ধার পরিচয় একটি রাষ্ট্রীয় সম্মানের বিষয়। রাজনৈতিক বা ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য এই পরিচয় ব্যবহার করা বীর শহীদদের অবমাননার শামিল।

