জামতলায় পারিবারিক কলহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত
নিউজ:
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে জামতলা এলাকার হীরা কমিটি সেন্টারের গলিতে খোকন সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত নারী আরেফিন আলম (৩৪) কে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আরেফিন আলম ওই বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পারিবারিক বিষয় নিয়ে তার স্বামী সোহান চৌধুরী (৩৬) এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সোহান চৌধুরী রান্নাঘরে থাকা সবজি কাটার ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
হঠাৎ হামলায় গুরুতর আহত হয়ে আরেফিন আলম চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর অভিযুক্ত স্বামী সোহান চৌধুরী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির মালিক ও স্থানীয় লোকজন তাকে আটক করে ঘরের ভেতরে তালাবদ্ধ করে রাখেন এবং পুলিশকে খবর দেন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেফিন আলম সাংবাদিকদের বলেন, “আমি এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। পরে বিস্তারিত জানাবো।”
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান বলেন, “ঘটনার বিষয়ে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

