নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় অবস্থিত মেডিস্টার জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে শেয়ার মালিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী হামলা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে হাসপাতালের নিচতলায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শেয়ারহোল্ডাররা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেয়ারহোল্ডার মোঃ গোলাম মোস্তফা টিপু জানান, হাসপাতালটির ৫০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন মোঃ আক্কাস এবং বাকি ৫০ শতাংশ শেয়ারের মালিক ডা. লায়লা পারভীন মাধবী। পরে তিনি আক্কাসের কাছ থেকে ওই ৫০ শতাংশ শেয়ার ক্রয় করেন।
তিনি বলেন, শেয়ার কেনার পর তিনি আরও কয়েকজনকে অংশীদার হিসেবে যুক্ত করেন। তাদের মধ্যে রয়েছেন প্রফেসর এম এ মালেক মুরাদ, প্রফেসর ডা. আলমগীর হোসেন জনির স্ত্রী হাসনা শারমীন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ হানিফ সরদার, আল আমিন ও হাজী রেজাউল ইসলাম।
টিপুর দাবি, শেয়ার ক্রয়ের বিষয়টি তারা ডা. লায়লা পারভীন মাধবীকে জানালে প্রথমে তিনি ইতিবাচক মনোভাব দেখালেও কিছুদিন পর ওই ৫০ শতাংশ শেয়ার তার কাছে বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।
তিনি অভিযোগ করেন, শেয়ার বিক্রিতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়। ডা. লায়লা পারভীন মাধবীর ছেলে অমিত অদিতের নেতৃত্বে কয়েক দফা সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি মিথ্যা মামলা দায়ের ও অপপ্রচার চালিয়ে তাদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন।
এ ঘটনায় প্রধানমন্ত্রীসহ নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শেয়ারহোল্ডাররা।

