ত্বকী হত্যার বিচার চেয়ে ২৯৭ সংসদ সদস্যের উদ্দেশ্যে মায়ের খোলা চিঠি
নারায়ণগঞ্জের বহুল আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার চেয়ে জাতীয় সংসদের ২৯৭ জন সদস্যের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠিয়েছেন তার মা রওনক রেহানা। ত্বকী হত্যার ১৩ বছর পূর্তির প্রেক্ষাপটে তিনি এই চিঠি পাঠান।
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এদিন সংসদের ২৯৭ জন সদস্যের কাছে এই খোলা চিঠি পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
চিঠিতে রওনক রেহানা উল্লেখ করেন, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জে তার ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। ২০১৪ সালের ৫ মার্চ তদন্ত সংস্থা র্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, নারায়ণগঞ্জের একটি প্রভাবশালী পরিবারের ১১ জন সদস্য তাদের টর্চার সেলে ত্বকীকে হত্যা করেছে এবং খুব দ্রুতই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
কিন্তু তার তিন মাস পর ২০১৪ সালের ৩ জুন সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ওসমান পরিবারের পাশে থাকার কথা বলেন। এরপর থেকেই ত্বকী হত্যার বিচারিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায় বলে দাবি করেন তিনি।
চিঠিতে আরও বলা হয়, তদন্ত শেষ হয়েছে বলে জানানো হলেও দীর্ঘ ১২ বছরেও আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। এ সময়ে দুটি সরকারের পরিবর্তন হলেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি।
রওনক রেহানা তার চিঠিতে সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের আইন প্রণেতা। নতুন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। একজন সন্তানহারা মা হিসেবে আমি আপনাদের কাছে আমার সন্তানের হত্যার ন্যায্য বিচার চাই।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ অপহরণের পর তানভীর মুহাম্মদ ত্বকীর মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। ত্বকী তখন ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞানে দেশের সর্বোচ্চ নম্বর এবং বিশ্বে সর্বোচ্চ নম্বর অর্জনকারী একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।
চিঠির শেষে তিনি লিখেছেন, একজন সন্তানহারা মায়ের এই ফরিয়াদ যেন সংসদের সদস্যরা গুরুত্ব দিয়ে বিবেচনা করেন এবং ত্বকী হত্যার বিচার নিশ্চিত করেন।

