তিনঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নেওয়া সেই যুবলীগ নেতা মো. সুমন জামিনে মুক্ত হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর বিকেল পাঁচটায় প্যারোলে মুক্তি পেয়ে দড়ি সোনাকান্দা মোড়ে পুলিশি পাহারায় জানাজায় অংশ নিয়েছিলেন তিনি। স্ত্রী ও নবজাতকের মৃত্যুর তিনদিন পূর্বে তাকে বন্দর থানার পুলিশ বৈষম্যবিরোধী বিস্ফোরকের মামলায় সম্পৃক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।
এ ঘটনায় সুমনের অন্তঃসত্ত্বা স্ত্রী হাফেজা বেগম অসুস্থ হয়ে পড়লে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি সন্তান প্রসব করেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতক এবং একই দিন রাত আটটায় তাঁর স্ত্রী হাফেজা বেগমের মৃত্যু হয়।
পরদিন তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতকের জানাজায় অংশ নিয়েছিলেন যুবলীগ নেতা সুমন।
স্ত্রী ও নবজাতক হারানোর বেদনা নিয়ে প্রায় ৪ মাস কারাভোগের পর ১১ মার্চ বিকেলে তিনি জামিনে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে আসে। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের গেট থেকে তার একমাত্র মেয়ে তাকে নিতে আসে।

