নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন তিনজন মাদক কারবারি। পরে মুচলেকা নিয়ে স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার ১৩ মার্চ রূপগঞ্জ থানায় এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।
আত্মসমর্পণকারী তিনজন হলেন মিন্নত আলী বেপারী, জাহাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। তারা সবাই রূপগঞ্জ সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রাশেদুল আলম বাবুর উদ্যোগে তারা থানায় এসে আত্মসমর্পণ করেন। এ সময় তারা ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করেন।
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু তাদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানান। আত্মসমর্পণকারী প্রত্যেককে তিনি একটি করে জায়নামাজ ও টুপি উপহার দেন এবং সৎ পথে চলার আহ্বান জানান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং একাধিক মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের ধারাবাহিকতায় ওই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন। ভবিষ্যতে তারা আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

