নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১-এর সদর কোম্পানি সূত্রে জানা গেছে, নিয়মিত রাত্রীকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে একটি সন্দেহভাজন শপিং ব্যাগ পড়ে আছে। খবর পাওয়া মাত্রই র্যাবের আভিযানিক দলটি সেখানে পৌঁছায়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ওই ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খোলার পর তার ভেতর থেকে একটি বিদেশি রিভলবার পাওয়া যায় এবং সেটি জব্দ করা হয়।
র্যাব জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই তৎপরতা চালানো হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১১-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

