নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জুমার নামাজের পর বিভিন্ন এলাকায় মাইকিং করে তারা ঘোষণা দেন মাদক ব্যবসায়ীদের কেউ মারা গেলে তাদের জানাজা বা দাফনের সুযোগ দেওয়া হবে না।
আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ফতুল্লার নয়ামাটি, ইসলামনগর, কুতুবপুর ও পূর্ব লামাপাড়া এলাকায় স্থানীয়দের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবক নিহত হন। এই ঘটনার প্রতিবাদ ও এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসী একত্রিত হয়ে গণমিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।
মিছিলটি নয়ামাটি মসজিদ থেকে শুরু হয়ে নয়ামাটি, ইসলামনগর ও কুতুবপুর এলাকা ঘুরে পূর্ব লামাপাড়ায় গিয়ে শেষ হয়। পরে পূর্ব লামাপাড়া বায়তুল আকরাম জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে মাইকিং করে মাদক ব্যবসায়ীদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ঘোষণা দেওয়া হয়, ভবিষ্যতে কোনো মাদক ব্যবসায়ী মারা গেলে তার লাশ গোসল, জানাজা কিংবা কবর দেওয়ার ক্ষেত্রেও এলাকাবাসী সহযোগিতা করবে না।
মানববন্ধনে স্থানীয় মসজিদের ইমামসহ এলাকাবাসীর অনেকে বক্তব্য রাখেন। তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় বক্তারা সাব্বির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
কর্মসূচিতে সাব্বিরের ভাই আবদুর রহমান, চাচা আবদুল হাকিমসহ স্থানীয় বাসিন্দা মামুন, শফিক, রাসেল, তানভীর, তোফাজ্জল, রিপন, স্বপন, ফজল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

