জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তরুণদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সংগঠনের নেতা আদনান তাহসান। তিনি বলেন, তরুণ সমাজই পারে বাংলাদেশকে নতুন পথে এগিয়ে নিতে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আদনান তাহসান বলেন, রমজান আত্মশুদ্ধি, ধৈর্য ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি অর্জনের মাস। এই মাস আমাদের সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার শিক্ষা দেয়।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটি বড় পরিবর্তনের পেছনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তরুণরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বর্তমান সময়েও দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আজকের তরুণ সমাজ বেকারত্ব, দুর্নীতি, বৈষম্য ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে তরুণরা ঐক্যবদ্ধ হলে কোনো অন্যায়ই টিকে থাকতে পারে না।
জাতীয় যুব শক্তি একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এমন একটি দেশ গড়ে তুলতে হবে যেখানে তরুণরা শুধু রাজনীতির দর্শক হবে না, বরং নেতৃত্ব দেবে। যেখানে সবার জন্য ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত হবে।
শেষে তিনি দেশের শান্তি, উন্নতি ও ন্যায়ের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য, আদনান তাহসান জাতীয় যুব শক্তি নারায়ণগঞ্জ মহানগরের সংগঠক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক ১ নম্বর যুগ্ম সদস্য সচিব।

