নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন পবিত্র ঈদ উল ফিতরের পর করা হতে পারে বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। কারাগারে থাকলেও তিনি ইতোমধ্যে নিজ বলয়ের নেতাকর্মী ও সমর্থকদের কাছে আসন্ন নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার বার্তা পৌঁছে দিয়েছেন।
আইভীর বিরুদ্ধে বর্তমানে ১১টি মামলা থাকলেও এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ১৫ আগস্ট নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আবারও আলোচনায় আসেন আইভী। এর চারদিন পর ১৯ আগস্ট তাকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়।
অপসারণের পর তিনি দেওভোগে বাবার পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ অবস্থান নেন। সেখানে প্রায় প্রতিদিনই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আনাগোনা ছিল। বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপির নেতারা বিভিন্ন প্রশাসনিক বৈঠকে আইভীর সমালোচনা করেন এবং তার গ্রেপ্তারের দাবি তোলেন। একই সময় তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়।
এর মধ্যে ২০২৫ সালের মে মাসের শুরুতে চিকিৎসার জন্য হঠাৎ দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার দেশত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাপ তৈরি হলে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার ওপরও চাপ বাড়ে। এরই ধারাবাহিকতায় ৯ মে রাতে আইভীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে। পরদিন ভোরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করে কারাগারে যান। যাওয়ার আগে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আবারও দেখা হবে।
এদিকে বিএনপি সরকার গঠনের পর সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ফলে দ্রুত সময়ে সিটি নির্বাচন হওয়ার সম্ভাবনার আভাস তৈরি হয়েছে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপে।
রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, আইভী কারাগারে থাকলেও তার সাংগঠনিক তৎপরতা পুরোপুরি থেমে নেই। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এক নেতা নীরবে তার পক্ষে মাঠ গোছানোর দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। তিনি নিয়মিত আইভীর অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন কর্মসূচিতে আইভীপন্থী নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে।
এসব প্রেক্ষাপটে আইভী আবারও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করছেন তার অনুসারীরা।

