নিউজ:
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দিয়েছেন করোনাযোদ্ধা ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। প্রতীকী মূল্য হিসেবে মাত্র ৫ টাকায় শিশুদের মাঝে এসব জামা বিতরণ করা হয়।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় খোরশেদের কার্যালয়ে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, গত ২৩ বছর ধরে ১৩ নম্বর ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের শিশুদের মাঝে কখনও নামমাত্র মূল্যে, কখনও বিনামূল্যে ঈদের উপহার দিয়ে আসছেন বিএনপি নেতা খোরশেদ। সেই ধারাবাহিকতায় এবছরও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
ঈদে নতুন জামা পেয়ে খুশি শিশুরা। তাদের সঙ্গে আসা অভিভাবকরাও সন্তানের মুখে হাসি দেখে আনন্দ প্রকাশ করেন।
ঈদের নতুন জামা নিতে আসা ৫ বছরের শিশু মিশুর মা রহিমা বেগম বলেন, আমরা গরীব মানুষ। ঈদের দিন একটু ভালো খাবার জোগাড় করতেই কষ্ট হয়। বাচ্চারা নতুন কাপড় চায়, কিন্তু কিনে দিতে পারি না। তাই এখানে এসে ছেলের জন্য নতুন জামা নিয়েছি। এজন্য তারেক রহমান ও খোরশেদ ভাইকে ধন্যবাদ জানাই।
নতুন জামা পেয়ে আনন্দিত ৬ বছরের শিশু মীম বলে, পাঁচ টাকা দিয়ে জামা কিনেছি। ঈদের দিন এটা পরবো।
এ বিষয়ে বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন।
তিনি আরও বলেন, আমরা চাই ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিক। কোনো শিশু যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। যাদের সামর্থ্য নেই তারাও যেন নতুন জামা পরে ঈদ করতে পারে, সেই চেষ্টা থেকেই এই উদ্যোগ।
তিনি জানান, শিশুদের কাছ থেকে ৫ টাকা নেওয়ার কারণ তারা যেন মনে না করে কেউ তাদের দান করেছে। তারা যেন বলতে পারে, আমরা ঈদের নতুন জামা কিনেছি। পরে সেই ৫ টাকা দিয়েই তাদের জন্য আবার চকলেট কিনে দেওয়া হয়।

