স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বন্দরের কলাবাগ এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট-এর কুমিল্লা বিভাগীয় সমন্বয়ক শায়েখ হাবিবুর রহমান সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, “দেশে অসংখ্য সংগঠন থাকা সত্ত্বেও জাস্টিস মুভমেন্টের আত্মপ্রকাশ ঘটেছে মূলত সমাজ থেকে অবিচার দূর করে ন্যায় ও ইনসাফ কায়েম করার জন্য। অন্যান্য অনেক দলে নীতি-নৈতিকতার অভাব থাকলেও আমাদের এই সংগঠন সব শ্রেণির মানুষ ও আলেম ওলামাদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, “আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী এবং ছারছীনা দরবারের পীর সাহেবদের মতো বরেণ্য আলেমগণ আমাদের সাথে আছেন। আমরা আগামী দিনে একটি শক্তিশালী, সৎ ও নিষ্ঠাবান রাষ্ট্র গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ ইউসুফ আলী প্রধান। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা যে বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম, তা এখনও অধরা। মব কালচার, খুন ও চাঁদাবাজি এখনও দেদারসে চলছে। যে ছেলেটি আগে সাধারণ ছিল, সে আজ বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরছে। এসব অনাচার বন্ধে পবিত্র কুরআনের আইনের বিকল্প নেই। কুরআনের শাসন কায়েম হলে দেশে কোনো অন্যায়-অত্যাচার থাকবে না।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম বলেন, “জাস্টিস মুভমেন্ট যে লক্ষ্য ও আদর্শ নিয়ে যাত্রা শুরু করেছে, আশা করি তারা সেই ন্যায় ও ইনসাফের পথ থেকে বিচ্যুত হবে না।” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি মোঃ মিতু মোর্শেদ।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ আবু সাঈদ নূর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। মনোজ্ঞ হামদ ও নাত পরিবেশন করেন হাফেজ হাবিবুর (কুমিল্লা)। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন টুডে টাইমস-এর সম্পাদক তানজিমুল হাসান মায়া’জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির সমাপনী বক্তব্যের পর দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শায়েখ হাবিবুর রহমান সিদ্দিকী।

