স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখা।
সংগঠনটির ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা মুহা. রবিউল ইসলামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অসহায়, শিক্ষার্থী, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশত পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, চাল ও তেলসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি ছাত্রনেতা এম. মাসুম বিল্লাহ।
এসময় ছাত্রনেতা মুহা. রবিউল ইসলাম বলেন, “ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হয় না, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই এর প্রকৃত সার্থকতা। বিত্তবানদের উচিত এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।”
তিনি আরও বলেন, “আমরা প্রতি বছরই চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি ও ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মুহাম্মাদ বেলাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক প্রশিক্ষণ সম্পাদক নাইমুল ইসলামসহ ৬ নং ওয়ার্ড শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

