স্টাফ রিপোর্টার:
পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে “ইনকিলাব যুব সংগঠন”-এর উদ্যোগে আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সফল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রমজান বিদায়ের প্রহর গুনছে, ঘনিয়ে আসছে খুশির ঈদ। তবে সমাজের অনেক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার রয়েছে, যাদের জন্য ঈদের আনন্দ অনেক সময়ই অনিশ্চয়তায় ভরা থাকে। সেইসব পরিবারের পাশে দাঁড়াতে ইনকিলাব যুব সংগঠন উদ্যোগ নেয় একটি মানবিক কার্যক্রমের, যার মাধ্যমে পৌঁছে দেওয়া হয় পূর্ণাঙ্গ ঈদ উপহার প্যাকেজ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, একটি পরিবারের ঈদের দিনের সকালের মিষ্টিমুখ থেকে শুরু করে দুপুরের পরিপূর্ণ খাবারের আয়োজন নিশ্চিত করাই ছিল তাদের মূল লক্ষ্য।
ঈদ উপহার প্যাকেজে ছিল:
একটি মুরগি ও মাংসের মসলা, ১ কেজি পোলাও চাল, হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, সেমাই, দুধ ও চিনি।
এ বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তারা চেয়েছেন যেন ঈদের দিনের আনন্দ ও রান্নার সুঘ্রাণ প্রতিটি অভাবী মানুষের ঘরে পৌঁছে যায়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটি জানায়,
যাঁরা তাঁদের কষ্টার্জিত অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে এই উদ্যোগকে সফল করেছেন, মহান আল্লাহ তাদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। তাদের দেওয়া আমানত যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
শেষে সংগঠনটির পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

